নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা বাজারে খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত কৃষক খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা পার ঈশাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।
সোনাইমুড়ীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কৃষক খাজা মোল্যা নিজ বাড়ি থেকে চা পানের জন্য কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় ধারাল অস্ত্রসহ ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় খাজা মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত খাজা মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্বাআলো/এস
