খুলনা বিভাগ

বাগেরহাটে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আজাদুল হক, বাগেরহাট আজাদুল হক, বাগেরহাট | May 17, 2025

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্রাকা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মাহতাব শেখ (৪০) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (১৭ মে) রাত ১০টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত মাহতাব শেখ উপজেলার কামটা গ্রামের ওহেদ আলী শেখের ছেলে। তিনি আট্রাকা এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের পরিবারের বর্ণনা অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে মাহতাব শেখ তার ভাতিজাকে সাথে নিয়ে বাড়ির পাশের মাছের ঘের পাহারা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার নাজির মোল্লা, টিটু মোল্লা, নিয়ন মোল্লা ও সাঈদ মোল্লা অতর্কিতভাবে মাহতাব শেখের উপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

মাহতাব শেখের ভাতিজার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুরুতর আহত অবস্থায় মাহতাব শেখকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহতাব শেখকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার। এই ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo