Uncategorized

দুই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ ১৮ জন গ্রেফতার

| July 25, 2024

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় তিন সাংবাদিকসহ প্রায় দেড়শো জনের নাম উল্লেখ করে দুই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ এ পর্যন্ত ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, সদর থানার এসআই রশিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ১নং আসামি করে সাংবাদিকসহ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০-৭০০ জনের নামে মামলা করা হয়। অপরদিকে হাতীবান্ধা থানায় দুই সাংবাদিকসহ ৯০ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক অজ্ঞাত নামে মামলা হয়েছে।

এরমধ্যে সদর থানায় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, জামায়াতের অঙ্গ যুব সংগঠনের মানবসম্পদ বিভাগের জেলা সভাপতি, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি এবং উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলু, বিএনপি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠুনসহ ১৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে হাতিবান্ধা থানায় দায়ের করা মামলায় উপজেলা কৃষকদলের সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই জেলা শহরের মিশন মোড় থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় একজন এসআইসহ আট পুলিশ সদস্য আহত হন। এছাড়াও বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হন।

অপর দিকে গত ১৮ জুলাই জেলার হাতীবান্ধা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ড ভাঙচুর করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাত নামে মামলা করেন। মামলায় মানবকণ্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, কলকাতা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজার রহমান মোস্ত ও সাব্বির আহম্মেদ লাভলুকে আসামি করা হয়েছে।

এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ মামলায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য কৃষকদল নেতা আমিনুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick