যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার র (২৮ জানুয়ারি) রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিলো। এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান।
এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস
