খুলনা বিভাগ

চীনে যাচ্ছে যশোরের আম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | May 28, 2025

প্রথমবারের মতো বাংলাদেশের সুস্বাদু আম রফতানি হচ্ছে চীনে। এই ঐতিহাসিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার (২৮ মে) যশোর ও সাতক্ষীরা অঞ্চলের ১০ টন আমের একটি বড় চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আমের জন্য চীনের বিশাল বাজার উন্মুক্ত হলো।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এটি দীর্ঘ ছয় বছরের প্রস্তুতি ও দ্বিপক্ষীয় আলোচনার ফল। চীনের বাজারে এর আগে কখনো বাংলাদেশি আম প্রবেশ করেনি। এই মৌসুমে মোট ১০০ টন আম চীনে রফতানির পরিকল্পনা রয়েছে এবং আজকের চালানটি এর প্রথম ধাপ।

এ উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আম রফতানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কৃষি ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, আজ প্রথম দফায় চীনে যাচ্ছে ১০ টন আম। এরপর ধাপে ধাপে আরও আম রপ্তানি করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ চীনসহ কিছু দেশে আমসহ কৃষিপণ্য রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিলো। কিন্তু করোনা মহামারিসহ বিভিন্ন কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়। গত ২৮ এপ্রিল চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগান পরিদর্শনের পর রফতানি কার্যক্রম দ্রুত গতি পায়।

বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪ লাখ টন আম উৎপাদন হয়েছে, যার মধ্যে রফতানি হয়েছে মাত্র এক হাজার ৩২১ টন। গত বছর বাংলাদেশ ২১টি দেশে আম রফতানি করেছিলো। এবার চীন এই তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশের আম রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হলো, যা বিশেষ করে যশোর অঞ্চলের আম চাষিদের জন্য একটি বড় সুযোগ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo