জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় নিহতের ছোট ভাই শুভকেও (২৫) কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে, এতে তারাও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই ওয়ার্ডের বাসিন্দা সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই গ্লাস মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শাকিল, তার ভাই শুভসহ কয়েকজন গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের একটি দোকানে চা পান করছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী যুবক এসে লাবিব নামে স্থানীয় এক তরুণকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। শাকিল ও তার ভাইসহ উপস্থিত কয়েকজন এতে বাধা দিলে অস্ত্রধারীরা ক্ষিপ্ত হয়ে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে সন্ত্রাসীরা তার ভাই শুভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
নোয়াখালীতে ট্রাকের পিছনে বালুবাহী ট্রাকের ধাক্কা, ২ বন্ধু নিহত
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহত শাকিল ও শুভকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত শুভর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, ঘটনার আকস্মিকতায় এবং শাকিলকে গুলি করার পর উত্তেজিত জনতা হামলাকারীদের ধাওয়া করে। এসময় তিনজনকে অস্ত্রসহ আটক করে তারা গণপিটুনি দেয়।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলি করে একজনকে হত্যা ও আরেকজনকে জখম করার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। হত্যাকাণ্ডের শিকার যুবকের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা তিন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে। তাদের অবস্থাও গুরুতর হওয়ায় পুলিশি পাহারায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বাআলো/এস
