Uncategorized

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বললেন সৌরভ গাঙ্গুলী

| April 26, 2025

স্পোর্টস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক বন্দুক হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জোরালো আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ না খেলা উচিত বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ এই মন্তব্য করেন।

সম্পর্ক ছিন্ন করার প্রশ্নে তিনি বলেন, ১০০ ভাগ, এটা করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এ রকম ঘটনা ঘটেই চলবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৩ সালের পর থেকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে আয়োজিত টুর্নামেন্টগুলোতেই একে অপরের মুখোমুখি হয়েছে। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি এবং এসিসিকে চিঠি দিয়ে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখার বা ম্যাচ বয়কটের আবেদন জানাতে পারে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা সৌরভ মনে করেন, বোর্ড যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তবে তা সঠিক হবে। তিনি বলেন, বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।

চলতি বছর সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপ এবং সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দুইটি টুর্নামেন্টের ভেন্যু ও গ্রুপিং এখনো চূড়ান্ত হয়নি। সৌরভের এই মন্তব্য আসন্ন টুর্নামেন্টগুলো ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo