রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোলপেটুয়া গ্রামের আবুল কাশেম হত্যা মামলার আসামি খোলপেটুয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বিশ্বাস পাঁচদিনের রিমান্ড আবেদন শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক সরল কুমার বিশ্বাস জানান, রিমান্ড শেষে আবু মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে ১৮ জুলাই আদালতে সোপর্দ করা হয়। মামলার এজাহারভুক্ত ৬নং আসামি সালাহ্উদ্দিনকে র্যাব দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে। ১৮ জুলাই আদালতে আত্মসমর্পণকৃত লোকমান বিশ্বাসকে রবিবার আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে থানায় আনা হয়েছে।
প্রসঙ্গত, খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের ২৫ বিঘা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ জুলাই দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চিংড়ি ঘেরের ডিঙি নৌকায় স্ত্রী ফিরোজাকে বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কাশেম কাগুচীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে আবু মুসা গাজী, লোকমান গাজী, আব্দুর রহিম, শুকুর আলী সরদার, মিজান গাজী, সালাহউদ্দিন গাজী, সেকেন্দার গাজী ও আবু শ্যামা গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে ৫ জুলাই শ্যামনগর থানায় হত্যা মামলা (৫নং) দায়ের করেন। রবিবার পর্যন্ত এজাহারভুক্ত তিনজন ও এজাহার বহির্ভুত পাঁচজন কারাগারে আটক রয়েছেন।
স্বাআলো/এস
