Uncategorized

‘গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর’

| May 16, 2024

লিটন ঘোষ জয়, মাগুরা: ‘গণহত্যা বন্ধ কর; ফিলিস্তিন মুক্ত কর’ এই স্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ মে) চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। বিগত সাত মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলি নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।

প্রকৌশলী শম্পা বসু বলেন, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন-প্রতিবাদ করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল, কলম্বিয়া, ইলিনয়, শিকাগোসহ প্রায় ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের উপর ধরপাকড় ও হামলা করা হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি।

সমাবেশ থেকে স্লোগান উচ্চারিত হয়; গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর; মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক।

স্বাআলো/এস

Debu Mallick