জাতীয়

যশোরসহ আট জেলায় ঝড়ের শঙ্কা

| July 26, 2024

ঢাকা অফিস: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের আট জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি।

আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

যশোরসহ ১৫ জেলায় ঝড়ের সংকেত

এদিকে গতকাল বৃহস্পতিবার দেওয়া আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

স্বাআলো/এস/বি

Debu Mallick