Uncategorized

বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

| July 25, 2024

জেলা প্রতিনিধি,পটুয়াখালী: পুলিশ বুধবার (২৪) জুলাই সন্ধ্যায় সদর উপজেলার বহালগাছিয়া গ্রাম থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে।এরা হচ্ছে আশরাফ আলী হাওলাদার (৮৫) ও তার স্ত্রী লাইলী বেগম (৭৫)। আশরাফ আলী কলাপাড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লাইলী বেগম গৃহিনী।

স্থানীয়রা জানান, বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ আল হিমু ঢাকায় ব্যবসা করেন এবং তিনি স্ব-পরিবারে ঢাকায় বসবাস করেন। দম্পতির দুইমেয়ে মনি বেগম ও রেখা বেগম বিবাহিতা তারা তাদের স্বামীর বাড়িতে থাকেন।

বৃদ্ধ দম্পতির সদর উপজেলার বহালগাছিয়া গ্রাম প্রায় ২০ বছর যাবৎ সু-উচ্চ সীমনা দেয়াল ঘেরা টিন শেডের ঘরে বসবাস করেন।

বুধবার বিকেলে দম্পতির ছেলে হিমু ঢাকা থেকে বাবা-মায়ের মোবাইলে ফোন দিলে কেউ রিসিভ না করায় বাড়ির পাশের মুদি দোকানীকে খোঁজ নিতে বলেন। দোকানী রফিক গাজী আশরাফ আলীর ভাতিজা এনায়েত হোসেনকে খবর দিলে দুইজনে সীনামা দেয়াল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ওই দম্পতির মরদেহ দেখতে পান। এদের মধ্যে লাইলী বেগমের মরদেহ খাটের ওপর এবং আশরাফ আলীর মরদেহ ঘরের মেঝেতে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সন্ধ্যায় তারা মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আশরাফ আলীর চাচাতো ভাই মজিবুর রহমান বাবুল জানান, তাদের মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো ধারণা করা হচ্ছে দুই-একদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করেছে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আতহত্যা সেটি এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick