খুলনা বিভাগ

যশোরে কলাবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

| January 16, 2025

যশোরের কেশবপুরে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কিবরিয়া শেখ উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায়, কৃষক কিবরিয়া শেখ বুধবার রাতে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে থাকা তার হলুদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ওই হলুদের ক্ষেতের পাশের কলাবাগানে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে ওই কৃষকের লাশ ঘিরে আহাজারি করতে থাকে। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick