খুলনা বিভাগ

খুলনায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো | May 17, 2025

খুলনার মীরেরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদী থেকে ১৩ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে মীরেরডাঙ্গা খেয়াঘাটের পাশে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা দ্রুত লাশটি পানি থেকে তুলে পাড়ে রাখেন এবং থানায় খবর দেন।

খুলনায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ও লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া কিশোরের বয়স অনুমান ১৩ বছর হবে। তার শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিলো না, তবে নিচে একটি নীল রঙের জিন্স প্যান্ট পরা ছিলো।

ওসি আরো বলেন, নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় জানার চেষ্টা করছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo