নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে সারুলিয়া রেল সেতু এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁটাচলার সময় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামবাসী লাশটি দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান।
খুলনায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ওই কিশোরের মুখে রক্ত বের হতে দেখা গেছে। স্থানীয়ভাবে আলোচনা চলছে যে এটি হত্যাকাণ্ড নাকি ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জানার পর এবং ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
স্বাআলো/এস
