খুলনা বিভাগ

খুলনায় শিকল বাঁধা লাশ উদ্ধার

খুলনা ব্যুরো | May 27, 2025

খুলনার কয়রা উপজেলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) কয়রা সেতুর নিচে নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ সানা কয়রা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনজেল সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কয়রা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটি একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল দিয়ে গলায় বাঁধা ছিলো। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা লাশটি আব্দুল মজিদ সানা হিসেবে শনাক্ত করেন।

যশোরে মুক্তেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

নিহত আব্দুল মজিদ সানার ছেলে সাইদ সানা জানান, সোমবার রাত ৯টার দিকে তার বাবা বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সকালে খবর পান তার বাবার লাশ পাওয়া গেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যেভাবে লাশটি পাওয়া গেছে, তাতে এটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo