কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন, তাদের মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।
বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পেচারদ্বীপ সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান (২২) গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরে ভেসে যান। তাদের পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। বন্ধুদের মধ্যে দুজন বাঁধের উপরে বসেছিলেন এবং বাকি তিনজন নিচে নেমে গোসল করছিলেন।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ মঙ্গলবারই উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরপর আসিফ আহমেদ ও অরিত্র হাসান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে আসিফের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসানের সন্ধান এখনো পাওয়া যায়নি।
সি সেফ লাইফ গার্ড সংস্থা আরো জানায়, চলতি মাসেই পেচারদ্বীপে একই ধরনের ঘটনা ঘটল। গত মাসেও এই স্থানে গোসলে নেমে ছয়জনের মৃত্যু হয়েছিল।
স্বাআলো/এস
