যশোরের ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর জিহাদের (১০) মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
শনিবার নিখোঁজ হওয়ার পর রবিবার দ্বিতীয় দফা উদ্ধার অভিযানে তার মরদেহ পাওয়া যায়।
উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে নদ থেকে কিশোর জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
জিহাদ হোসেন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের উজির আলীর ছেলে। শনিবার দুপুরে সে বন্ধুদের সাথে বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে নামে। এ সময় বন্ধুরা মিলে ব্রিজের ওপর থেকে নদের পানিতে ঝাঁপ দেয়। সবাই পাড়ে উঠতে পারলেও জিহাদ ভেসে ওঠেনি। এতে তার সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজ না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে ডুবুরি দল এসে শনিবার বিকাল ৫টার পর উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে সাতটার সময় অভিযান স্থগিত করা হয়।
রবিবার সকালে ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে এবং কিছুক্ষণ পরেই শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে। মরদেহটি নদীর তলদেশে কোনো কিছুর নিচে আটকে ছিল বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানিয়েছেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে শত শত নারী-পুরুষ নদের পাড়ে ভিড় জমায়।
যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করেছিলাম। রবিবার সকাল ৮টা থেকে পুনরায় অভিযান শুরুর কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্বাআলো/এস
