রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় শাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। মোটরসাইকেলে করে তারা স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ওই সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস স্বজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার উপ-পরিদর্শক পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালককে আটক করা হয়েছে। এদিকে হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের দুই পরিবারে বইছে শোকের মাতম।
স্বাআলো/এস
