নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামে পানি ঢুকে পড়েছে। ফলে শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
পানিবন্দি গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে শান্তিপুর গ্রামে ঋষিপাড়া অংশে বাঁধ ভেঙে নদের পানি ঢুকতে শুরু করে। সকাল হওয়ার পূর্বে বাঁধের ২০০-৩০০ মিটার অংশ ভেঙে শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামের ভেতরে পানি ঢুকে পড়ে।
চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান এ কামাল হাসান বলেন, বাঁধ ভেঙে পানিবন্দি অবস্থায় তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, বিষয়টি জানার পর যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া কয়েকটি রাস্তা চলাচল উপযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাআলো/এস
