জাতীয়

সাগরের লঘুচাপ, কাল থেকে খুলনাসহ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে

| November 14, 2023

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) থেকে খুলনাসহ ছয় বিভাগে বৃষ্টি হতে পারে।

উপকূলীয় তিন বিভাগে (খুলনা, চট্টগ্রাম ও বরিশাল) বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

বুধবারের মধ্যে দেশের রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply