যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।
সোমবার ( ২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে লিটন রায় (৫০) নামে ওই ব্যক্তিকে আটক করে।
বিজিবি জানায়, আটককৃত লিটন রায়ের দেহ তল্লাশি করে তার জুতার সোলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২ পিস সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলোর মোট ওজন দাঁড়িয়েছে এক কেজি ৩৯৭ গ্রাম।
মালয়েশিয়ায় ১৪২ বাংলাদেশিসহ ১৪৩৫ অভিবাসী আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লিটন রায় জানান, তিনি ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল এই স্বর্ণগুলো ভারতে পাচার করা। আটককৃত লিটন রায় ঢাকার কোতোয়ালী থানার শাখারী বাজার এলাকার বাসিন্দা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এবং উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, সোনা, রূপা, মাদকসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটকের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই স্বর্ণের চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তারা জানান।
আটককৃত লিটন রায় এবং উদ্ধারকৃত সোনার বারগুলোসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস
