Uncategorized

মাদক কারবারির পেটে মিললো ৪ হাজার পিস ইয়াবা

| October 24, 2023

নোয়াখালীর সদর উপজেলায় এক মাদক কারবারির পেট থেকে এক্স-রে করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারির নাম অলিউল্লাহ (৫১)। তিনি উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল হামিদ।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে মাদক কারবারি অলিউল্লাহকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানান বিশেষ কায়দায় তার পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হসপিটালে এক্স-রে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply