অপপ্রচার ও মানহানির অভিযোগ এক নারী উদ্যোক্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি ও ব্যবসায়িক হয়রানির অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী লাকী নূর জাহান।
বুধবার (২৪ জুন) বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে লাকী নূর জাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে পেশাদার শেফ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা ও পুরস্কারও পেয়েছেন।
তার অভিযোগ, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলিমা খাতুন নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এতে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
লাকী নূর জাহান জানান, যশোরের ধর্মতলায় অবস্থিত ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ তারা দীর্ঘদিন যৌথভাবে পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
তিনি অভিযোগ করেন, তার অজান্তে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও মালিকানা দখলের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
লাকী নূর জাহানের দাবি, গত ১৫ জুন বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতে গেলে তাকে অপমান, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।






