আর্জেন্টিনার জার্সিতে আসছে ভিনদেশি ‘কিকি’

২০১০ সালের ভয়াবহ হাইতি ভূমিকম্পে লাখো মানুষের প্রাণহানির মধ্যেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল মাত্র নয় মাস বয়সী একটি শিশু। সেই শিশুই আজ আর্জেন্টিনার ফুটবলে সম্ভাবনাময় এক কিশোর। তার নাম স্টিফেন, তবে সবাই তাকে চেনে ‘কিকি’ নামে।
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতিতে জন্ম নেওয়া কিকি ২০১০ সালের ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পের সময় একটি এতিমখানায় ছিল। দুর্যোগে তিন লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটলেও সে অক্ষত অবস্থায় বেঁচে যায়। এরই মধ্যে আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল। তবে ভূমিকম্পের পর শিশুটি জীবিত আছে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা। এক মাস পর কিকি নিরাপদে আর্জেন্টিনায় পৌঁছালে শুরু হয় তার নতুন জীবন।
বর্তমানে ১৭ বছর বয়সী কিকি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ভেলেজ সার্সফিল্ড-এর ষষ্ঠ বিভাগে খেলছেন। টানা ছয় ম্যাচে গোল করে ইতোমধ্যে নজর কেড়েছেন ক্লাবটির রিজার্ভ দলের কোচ মার্সেলো ইন্ডিও ব্রাভোর। ধাপে ধাপে মূল দলে জায়গা করে নেওয়াই এখন তার লক্ষ্য।
সম্প্রতি তিনি আরও একটি বড় স্বীকৃতি পেয়েছেন। গণিতের অনলাইন ক্লাস চলাকালেই খবর পান, আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে অনুশীলনের জন্য তাকে ডাকা হয়েছে।
জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনের অভিজ্ঞতা বর্ণনা করে কিকি বলেন, “সবকিছুই অসাধারণ ছিল। অনুশীলন মাঠ, পরিবেশ, কোচিং স্টাফ—সবই দারুণ। শুরুতে একটু নার্ভাস ছিলাম, কিন্তু সবাই আমাকে সহজভাবে গ্রহণ করেছে। আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো।”
সম্প্রতি আর্জেন্টিনার জার্সি পরা প্রথম হাইতিয়ান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছেন কিকি। তার স্বপ্ন, একদিন আর্জেন্টিনার মূল জাতীয় দলে খেলে দেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে ওঠা।




