তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Saturday, 25 July 2026
আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় শুরু, চার মাস পর হত্যাকাণ্ডের নিন্দা বাংলাদেশের

Shadhin Alo  |  03 July 2026

প্রায় চার মাস স্থগিত থাকার পর শুরু হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর দাফন স্থগিত রাখা হয়েছিল। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আজ থেকে ইরান ও ইরাকের একাধিক পবিত্র শহরে এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হচ্ছে।

খামেনির শেষকৃত্য উপলক্ষে রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব তেহরানে পৌঁছেছেন।

শুক্রবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনি ও তাঁর নিহত পরিবারের সদস্যদের কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শিয়া ঐতিহ্য অনুযায়ী তাঁর কফিন কারবালার ইমাম হোসেন (আ.)-এর স্মৃতিবাহী লাল পতাকায় আচ্ছাদিত করা হয়েছে।

প্রায় দুই থেকে তিন কোটি মানুষের সম্ভাব্য সমাগমকে কেন্দ্র করে ইরানজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী, বাসিজ মিলিশিয়া এবং বিমান প্রতিরক্ষা ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে দূর-দূরান্ত থেকে আগত শোকাহত মানুষের যাতায়াত ও আবাসনের জন্য বিশেষ ট্রেন, বাস, স্কুল, মসজিদ ও ক্রীড়া কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় সাধারণ মানুষ ও বিদেশি প্রতিনিধিরা খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে তেহরানে পৌঁছাতে শুরু করেছে।

৬ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধান জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ইমাম হোসেন চত্বর থেকে আজাদি চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোক শোভাযাত্রা বের করা হবে। নিরাপত্তার স্বার্থে ওই দিন তেহরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

৭ জুলাই মরদেহ নেওয়া হবে ইরানের অন্যতম পবিত্র শহর কোমে। সেখানে জামকারান মসজিদে আলেম, ধর্মীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন।

৮ জুলাই মরদেহ প্রতিবেশী দেশ ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। সেখানে শিয়া সম্প্রদায়ের পবিত্র মাজারগুলোতে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ছয় দিনের কর্মসূচির শেষ দিন ৯ জুলাই খামেনির জন্মশহর মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) মাজারে চূড়ান্ত জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি শোকানুষ্ঠান নয়, বরং ইরানের রাজনৈতিক ঐক্য, রাষ্ট্রীয় সক্ষমতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রতীকী আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, খামেনির মৃত্যুর পর শুরুতে শুধু শোক ও দুঃখ প্রকাশ করলেও, চার মাস পর তার রাষ্ট্রীয় শেষকৃত্যের সময় এসে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন ‘মহামান্য’ আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

এর আগে হামলার পর বাংলাদেশের সরকারি প্রতিক্রিয়া নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছিল। হামলার পরদিন দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম বিবৃতিতে পশ্চিম এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও ইরানের ওপর হামলা কিংবা খামেনির হত্যার বিষয়টি উল্লেখ করা হয়নি।

সমালোচনার মুখে ২ মার্চ দেওয়া দ্বিতীয় বিবৃতিতে সরকার খামেনির মৃত্যুকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করে। তবে তখনও হত্যাকাণ্ডের সরাসরি নিন্দা জানানো হয়নি।

সেই বিবৃতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন করে পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার মর্মাহত। একই সঙ্গে ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং শান্তিপূর্ণ সংলাপ ও আন্তর্জাতিক আইন মেনে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বলেছিলেন, ইরান বাংলাদেশের কাছে যুদ্ধের রসদ নয়, বরং আক্রান্ত রাষ্ট্র হিসেবে নৈতিক সমর্থন প্রত্যাশা করে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)