তারেক রহমানের মালয়েশিয়া সফর


ঢাকা অফিস
দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্ককে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি ও হালাল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতে সম্প্রসারণের প্রত্যাশা তৈরি হয়েছে।
সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক, প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা এবং উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পাশাপাশি ব্যবসায়ী মহলও মনে করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন অর্থনৈতিক মাত্রা পেতে পারে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর টার্মস অব রেফারেন্স (টিওআর) নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা নিয়েও আরেকটি সমঝোতা স্মারক হতে পারে।
তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প এবং সেমিকন্ডাক্টরসহ উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতার বিষয়ও আলোচনায় থাকবে।






