সিন্দুক নয়, এখন কম্পিউটার সুরক্ষাই বেশি জরুরি: তথ্যমন্ত্রী

ডিজিটাল যুগে নিরাপত্তার প্রচলিত ধারণা বদলে গেছে। এখন বড় কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।”
তিনি বলেন, বর্তমান সময়ে যুদ্ধ শুধু সমরাস্ত্রের বিষয় নয়, একইভাবে যোগাযোগ ব্যবস্থাও শুধু মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্রযুক্তি এখন নিরাপত্তার নতুন ক্ষেত্র তৈরি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, ওই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
আনসার বাহিনীর ডিজিটাল উদ্যোগের প্রশংসা
‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্মের প্রশংসা করেন।
তিনি বলেন, আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও সময়োপযোগী চিন্তার মাধ্যমে দেশের কাজে যুক্ত করার এই উদ্যোগ প্রশংসনীয়।
তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অ্যানালগ ও ডিজিটাল পদ্ধতির পার্থক্য বুঝে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণের জন্য তিনি বাহিনীর নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তন একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া। তাই জ্ঞান ও চিন্তার ক্ষেত্রেও স্থবির থাকার সুযোগ নেই। সময়ের সঙ্গে নিজেকে উন্নত না করলে আজকের আধুনিক ব্যক্তি বা প্রতিষ্ঠানও আগামী দিনে পিছিয়ে পড়তে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।
এ সময় আনসার বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






