তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 15 July 2026
খুলনা বিভাগ

স্টাডি লিভ নিয়ে বিদেশে, ফেরেননি খুবির ৩৯ শিক্ষক

Debu Mallick  |  25 June 2026

উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি (স্টাডি লিভ) নিয়ে বিদেশে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৯ জন শিক্ষক। ছুটির মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও তারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অডিট আপত্তি অনুযায়ী, এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি ৬৭ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে এসব শিক্ষক স্কলারশিপ বা নিজস্ব অর্থায়নে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, শিক্ষা ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরে যোগদানের বাধ্যবাধকতা ছিল।

তবে ছুটি শেষ হওয়ার পরও তারা আর দেশে ফেরেননি। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি তালিকা তৈরি করে পাওনা অর্থ আদায় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।

খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে আর কর্মস্থলে ফিরে না আসা বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতি দায়িত্বহীনতার শামিল।

তিনি বলেন, “আগে বিষয়টি কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩৯ জন শিক্ষকের মধ্যে ৭ থেকে ৮ জন ইতোমধ্যে চাকরি থেকে পদত্যাগ করেছেন। তাদের কাছ থেকে বন্ডের শর্ত অনুযায়ী পাওনা অর্থ আদায়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এ ছাড়া আরও ১১ থেকে ১২ জন শিক্ষককে দ্রুত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়ে প্রাথমিক আইনি নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পদক্ষেপের পর কয়েকজন শিক্ষক পাওনা অর্থের আংশিক পরিশোধ করেছেন। কেউ সময় চেয়েছেন, আবার কেউ কিস্তিতে টাকা পরিশোধের আবেদন করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তৈরি হচ্ছে।

তাদের মতে, নিয়ম অনুযায়ী এসব পদ দ্রুত শূন্য ঘোষণা করা না গেলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এর ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, দেশের আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের কর্মস্থলে ফিরে না আসার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)