তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
অর্থনীতি

৩৩ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

Debu Mallick  |  03 July 2026

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক সপ্তাহের ব্যবধানে আরও প্রায় ১ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিন শেষে বিপিএম-৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের গত এপ্রিল মাসের আমদানি ব্যয়ের হিসাব অনুযায়ী, বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

তবে এই ইতিবাচক অবস্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর মাধ্যমে বিভিন্ন সদস্যদেশ থেকে আমদানি করা পণ্যের বিল পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এর ফলে রিজার্ভে কিছুটা চাপ পড়তে পারে। যদিও এবার আকুকে কত অর্থ পরিশোধ করতে হবে, সে হিসাব এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় (রেমিটেন্স) ও বৈদেশিক ঋণের অর্থ প্রবাহ বাড়ায় রিজার্ভ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ১৪ জুন প্রবাসী আয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ যুক্ত হওয়ার পর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলারে পৌঁছায়।

এরপর ২৯ জুন বিশ্বব্যাংক-এর ৬৬ কোটি ৭১ লাখ ডলারের বাজেট সহায়তা ঋণ দেশে আসায় রিজার্ভ আরও বেড়ে ৩২ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ওই দিন গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বিশ্বব্যাংকের ঋণের অর্থের পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে। তবে আগামী সপ্তাহে আকুর বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ কিছুটা কমে আসতে পারে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)