
১৯৯৪ সালে মুক্তি পাওয়া কভী হাঁ কভী না ছবিতে শাহরুখ খান ও সুচিত্রা কৃষ্ণমূর্তির পাশাপাশি নজর কেড়েছিলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দীকী। ছবিতে শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করলেও শুরুতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বহু বছর পর এক সাক্ষাৎকারে সেই ঘটনার কারণ জানিয়েছেন অভিনেত্রী।
সাদিয়ার ভাষ্য, তখন তিনি শাহরুখ খানের বড় ভক্ত ছিলেন। মজা করেই তিনি বলেন, “তখন আমি শাহরুখের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। মনে হয়েছিল, যাঁকে এত পছন্দ করি, তাঁর বোনের চরিত্রে কীভাবে অভিনয় করব!”
পরিচালক কুন্দন শাহ প্রথমে তাঁকে বোনের চরিত্রের প্রস্তাব দিলে সাদিয়া নাকি সরাসরি জানিয়ে দেন, তাঁর প্রকৃত অনুভূতি পর্দায় ধরা পড়ে যেতে পারে। এমনকি তিনি নায়িকার চরিত্রে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছিলেন। তবে পরিচালক জানান, সেই চরিত্রের জন্য তিনি তখন উপযুক্ত নন।
পরদিন সাজগোজ করে সেটে গিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি সাদিয়া। শেষ পর্যন্ত তাঁকেই শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করতে হয়।
অভিনেত্রীর কথায়, “শুরুতে কঠিন মনে হলেও একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিলাম। দর্শকের কাছে আমরা সত্যিই ভাই-বোন বলেই মনে হয়েছিল।”
শুটিংয়ের সময় শাহরুখ খানের আন্তরিক ব্যবহারের কথাও স্মরণ করেন সাদিয়া। এক দৃশ্যের শুটিংয়ে রোদের মধ্যে বসে থাকতে দেখে শাহরুখ তাঁকে গাড়িতে গিয়ে বিশ্রাম নিতে ও পানি পান করতে বলেছিলেন।
বহু বছর পর একটি ডাবিং স্টুডিওতে তাঁদের আবার দেখা হয়। সাদিয়ার ধারণা ছিল, শাহরুখ হয়তো তাঁকে আর মনে রাখেননি। কিন্তু অভিনেতা তাঁকে নাম ধরে ডেকে শুভেচ্ছা জানান এবং উষ্ণভাবে অভ্যর্থনা করেন। সেই মুহূর্তটি আজও তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে বলে জানান সাদিয়া।



