তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Sunday, 26 July 2026
জাতীয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা মানতে হবে: তথ্য উপদেষ্টা

Debu Mallick  |  30 June 2026

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে আদালতের দেওয়া নির্দেশনা দেশের সব গণমাধ্যমকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অনুচিত। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু গণমাধ্যম সম্প্রতি তার বক্তব্য প্রচার করছে। এর মাধ্যমে তারা আদালতের নির্দেশনা অমান্য করছে।’

ডা. জাহেদ উর রহমান জানান, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তবে এখনই কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তবে আদালতের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে আইনগত করণীয় নির্ধারণ করা হবে।’

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার সহযোগী: গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ নয়, বরং সহযোগী হিসেবে দেখে। জনগণের মতামত ও গণমাধ্যমের সমালোচনাকে গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন বা পরিমার্জন করে থাকে।’

তিনি সাম্প্রতিক বাজেট ও ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সমালোচনার পর সরকারের অবস্থান পরিবর্তনের উদাহরণ তুলে ধরে বলেন, ‘সরকার গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সুসম্পর্ক বজায় রাখতে চায়।’

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কঠোর সরকার: আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগ ‘রিফর্মড’ বা অন্য কোনো নামে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না।’ তথ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)