আন্তর্জাতিক

সৌদিতে প্রথম নাইট ক্লাবের যাত্রা

| May 27, 2024

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রাজধানী রিয়াদে নাইট ক্লাব চালু করেছে সৌদি আরব। ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে ক্লাবটির সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা

সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টিরিয়র তৈরি করা হয়েছে। এ ছাড়া বিলাসবহুল সুযোগ সুবিধাও দেয়া হয়েছে। য়ারা এটি তৈরি করেছেন তারা আশা করছেন, এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে।

এই নাইট ক্লাবটিতে অনেক স্টুডিও রয়েছে এবং একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। অনেক ডিজে এবং সঙ্গীত প্রয়োজকও এখানে উপস্থিত রয়েছেন। যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা। কারণ এখন পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারত না।

সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতোদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন। তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখন অবশেষে আমি আমার দেশে আমার সংগীত দক্ষতা প্রদর্শন করতে পারব।

আগেই বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ছয় হাজার রিয়াল বা এক লাখ ৮৭ হাজার টাকা। শুধু তাই নয়, আরো সুবিধা চাইলে দিতে হবে ১০ হাজার রিয়াল বা প্রায় তিন লাখ ১২ হাজার টাকা।

যাবতীয় বিধিনিষেধ ভেঙ্গে এই ক্লাবে ঢুকতে দেয়া হবে নারীদেরও। তবে এখানে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, মদের নিষেধাজ্ঞা কার্যকর করতে অত্যন্ত বিপজ্জনক বাউন্সার মোতায়েন করা হয়েছে। তবে এই নাইট ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল খেতে পারবেন।

প্রসঙ্গত, সৌদি আরবে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব সম্প্রতি বিদেশি দূতাবাসের জন্য মদের দোকান খোলার অনুমোদন দিয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick