আন্তর্জাতিক

কমলাকে সমর্থন দিলেন ওবামা

| July 26, 2024

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন।

কমলাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার সমর্থন দেয়ার বিষয়ে কয়েক দিন ধরে নানা জল্পনা–কল্পনা চলছিলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা শুক্রবার (২৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা বিশ্বাস করেন, কমলা হ্যারিসের ‘নিজস্ব দর্শন, স্বকীয়তা এবং শক্তি’ রয়েছে যা সংকটময় মুহূর্তে একজন প্রেসিডেন্টের থাকাটা খুব জরুরি।

প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস শতাধিক ডেমোক্র্যাট নেতার সঙ্গে কথা বলেছেন, যাদের মধ্যে বারাক ওবামাও রয়েছেন। ২০ বছর ধরে ওবামা ও কমলা একে অপরকে চেনেন।

বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এক বিবৃতিতে বারাক ওবামা তাঁরসিদ্ধান্তের প্রশংসা করেন। কিন্তু তিনি তখন কমলাকে সমর্থন জানাননি।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের (প্রতিনিধি) সমর্থন পেয়েছেন। আগামী আগস্টে দলীয় সম্মেলনে তাঁকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন দেয়া হবে।

আজ বিবৃতিতে বারাক ওবামা বলেন, কমলা হ্যারিসকে সমর্থন জানানোর বিষয় নিয়ে তারা আর দেরি করতে চান না। তারা কমলাকে জয়ী করতে ‘সম্ভাব্য সবকিছু’ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বাআলো/এস

Debu Mallick