তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

অভয়নগরে মহাসড়ক অবরোধ করে জলাবদ্ধতার প্রতিবাদ

Debu Mallick  |  03 July 2026

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (৩ জুলাই) বিকেলে চেঙ্গুটিয়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জলাবদ্ধতার কারণ মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, চেঙ্গুটিয়া বুড়োর দোকান সংলগ্ন আবাসিক এলাকায় মজুমদার ব্রান অয়েল মিলস, মজুমদার ফুড প্রোডাক্ট, মজুমদার অটো রাইস মিলস ও মজুমদার ডাল মিলস নামে চারটি প্রাইভেট প্রতিষ্ঠান অবস্থিত। এসব প্রতিষ্ঠানের ব্যবহৃত বর্জ্য ও পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় তা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নির্মাণাধীন যশোর ইপিজেডের কাজ থেকে আসা পানি। ফলে কয়েকশ পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীদের বক্তব্য মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন, ব্যবসায়ী কামরুল হুদা, আব্দুল জলিল, সমাজসেবক তারিকুল ইসলাম ও রবিউল ইসলামসহ অনেকে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর এই জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের বারবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রশাসনের আশ্বাস ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আন্দোলনকারীদের শান্ত করেন। তিনি বলেন, “জলাবদ্ধ এলাকাটি আমি পরিদর্শন করেছি এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে প্রশাসন থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)