কল্কি ২’-এ দীপিকার বদলে আলিয়া?

প্রভাসের প্রশংসার পর জোরালো নতুন জল্পনা
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে দ্বিতীয় কিস্তিতে ‘সুমতি’ চরিত্রে দীপিকা পাড়ুকোন থাকছেন কি না, তা নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে আলিয়া ভাটকে ঘিরে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সূচি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণে ‘কল্কি ২’ থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর নির্মাতারা প্রথমে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার কথা ভাবলেও বিষয়টি এগোয়নি। বর্তমানে আলিয়া ভাটকে নিয়েই তারা সবচেয়ে বেশি আগ্রহী বলে জোর গুঞ্জন রয়েছে।
সম্প্রতি আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা ‘আলফা’-র ট্রেলার প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশংসা করেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তিনি লেখেন, “আলফা-র ট্রেলার দারুণ হয়েছে। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অনেক শুভকামনা।”
প্রভাসের পোস্টের জবাবে আলিয়া ভাট ধন্যবাদ জানিয়ে একটি সূর্যের ইমোজি ব্যবহার করেন। এরপর থেকেই অনেক সিনেমাপ্রেমীর ধারণা, ‘কল্কি ২’-এ আলিয়ার অভিনয়ের বিষয়টি প্রায় নিশ্চিত।
তবে এ বিষয়ে এখনো নির্মাতা নাগ অশ্বিন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলিয়ার অভিনয়ের বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
‘কল্কি ২৮৯৮ এডি’-র গল্পে কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় ছয় হাজার বছর পরের পৃথিবীকে তুলে ধরা হয়েছে। প্রথম ছবিতে ‘সুমতি’ চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। গল্প অনুযায়ী, তার গর্ভেই জন্ম নিতে যাচ্ছে বিষ্ণুর দশম অবতার ‘কল্কি’, যার মাধ্যমে মানবজাতিকে রক্ষার কাহিনি এগিয়ে যায়। গুরুত্বপূর্ণ এ চরিত্রে দীপিকার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই সিক্যুয়েলে তিনি না থাকলে তার জায়গায় কে আসবেন—সেটিই এখন বলিউডের অন্যতম আলোচিত প্রশ্ন।




