খুলনায় মাদ্রাসায় শিশুকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

খুলনায় নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামের একটি মাদ্রাসায় ইসমাইল শিকদার নামে এক শিশুকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুর রহমানের বিরুদ্ধে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।
সোমবার (২৩ জুন) রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় শিশুটির বাবা ওমর ফারুক শিকদার বাদী হয়ে মামলাটি করেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৭ জুন রাতে মাদ্রাসার ভেতরে পড়া না পারায় শিশুটিকে মারধর করেন শিক্ষক আবদুর রহমান বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, মারধরের ঘটনায় শিশুটির মস্তিষ্ক, চোখসহ শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার মতো আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ওই মাদ্রাসায় যায়। তবে ঘটনার প্রথম দিনে শিশুটির বাবা মামলা করতে রাজি ছিলেন না। পরে তিনি থানায় এসে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।






