ঝিনাইদহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আসিফ জোয়ার্দ্দার মোটরসাইকেলযোগে লাঙ্গলবাধ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বন্দেখালী গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






