তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
খুলনা বিভাগ

নড়াইলে ছাত্র আন্দোলন নেতাদের মারধরে ‘পুরস্কার’ ঘোষণা

Debu Mallick  |  07 July 2026

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর করতে পারলে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্যসচিব আমিরুল ইসলাম বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে যাদের নাম রয়েছে

অভিযোগে অভিযুক্তরা হলেন—বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইল শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি সৌরভ কর্মকার, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন জমাদ্দার, সজিবুল ইসলাম, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, মোহাম্মদ ইস্রাফিল, সজীব চৌধুরী, এস কে আসলাম, আবদুল্লাহ আল জাবের ও জুবায়ের শেখ।

অভিযোগকারী যা বলছেন

বাদী আমিরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত উসকানিমূলক পোস্ট ও ভুয়া ভিডিও প্রচার করছেন। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর করার জন্য ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। আমিরুলের দাবি, এমন প্রচারণায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে কয়েকজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন অথবা আত্মগোপনে থেকে এসব হুমকি দিচ্ছেন।

অভিযুক্তদের প্রতিক্রিয়া

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুল্লাহ আল জাবের দাবি করেন, তিনি অভিযোগকারীকে চেনেন না এবং অভিযোগে নাম থাকা অনেক ব্যক্তিকেই তিনি চেনেন না। তার বিরুদ্ধে আনা এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে তিনি দাবি করেন। অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ যা বলছে

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিবের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)