যশোরে যুবককে গলা কেটে হত্যা

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সাইদ সরদার (৪০) ওরফে ‘চশমা সাইদ’ নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৪ জুন) সকালে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদ ওই গ্রামের নয়া সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পান এলাকাবাসী। পরে সেখানে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি ধারালো চাকু পড়ে ছিল।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত জব্দ করে। মরদেহটি পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে।
স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বলছে, তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।






