তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Saturday, 25 July 2026
জাতীয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Debu Mallick  |  07 July 2026

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীন ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। তিনি পুরো এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ৯ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে পুরো প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের কাছ থেকে অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। তিনি যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে সরাসরি মতবিনিময় করেন। ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলে তাদের কাজের প্রশংসা করেন এবং উৎসাহ প্রদান করেন। এমনকি মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।

সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।” জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা সেনাসদস্যদের মূল দায়িত্ব।” তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রীকে এ সময় সঙ্গ দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কেএম শামছুল ইসলাম। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)