তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Saturday, 25 July 2026
খুলনা বিভাগ

স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Debu Mallick  |  07 July 2026

যশোরের মণিরামপুর উপজেলায় আরিফুর রহমান (৮০) নামে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী শেফালি বেগমের (৫৫) বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আরিফুর রহমান উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত লাল চাঁদ গাজীর ছেলে। তিনি স্থানীয় একটি পাঠাগারের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ডান পা পঙ্গু হওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় ৩০ বছর আগে তিনি শেফালি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে রয়েছে, যারা বর্তমানে বিদেশে থাকেন।

নিহতের বড় মেয়ের জামাতা আইয়ুব আলী জানান, সোমবার সন্ধ্যায়ও শ্বশুরের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। রাতে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে তিনি মরদেহ দেখতে পান। স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার রাতে আরিফুর রহমানের চিৎকার শোনা গেলেও বাড়ির গেটে তালা থাকায় প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য মুনসুর আলী বলেন, “আরিফুর রহমানের পুত্রবধূ বাড়ির বাইরে যাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শারীরিকভাবে অক্ষম হওয়ায় তাকে প্রায়ই নির্যাতন করা হতো। এই কলহের জেরেই হয়তো ঘটনাটি ঘটেছে।”

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, নিহতের কপালে একটি কাটা দাগ রয়েছে। তবে এটিই মৃত্যুর কারণ কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শেফালি বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তের স্বার্থে আপাতত এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)