তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Sunday, 26 July 2026
ব্রেকিং নিউজ

জুলাইয়ে ভারী বৃষ্টিতে তিন অঞ্চলে বন্যার আশঙ্কা

Debu Mallick  |  01 July 2026

জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) প্রকাশিত জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় জুন মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনার পর এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় ৮ থেকে ৯ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

নদনদীর পানি বাড়ার আশঙ্কা

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর বাড়তে পারে। ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে

জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

জুনে বৃষ্টিপাত কমেছে ২৯ শতাংশ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে ছিল স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত।

অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নেত্রকোনায়। ১২ জুন সেখানে ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়। জুনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসজুড়ে পরিবর্তনশীল আবহাওয়ার পাশাপাশি ভারী বর্ষণ, বজ্রঝড় ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)