তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
খুলনা বিভাগ

লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

Debu Mallick  |  30 June 2026

লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে যশোরের অভয়নগরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ সময় কর্মরত এক লাইনম্যানকে পিটিয়ে আহত করা হয় এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ টাকা ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ বিদ্যুৎ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদুল ইসলাম মেহেদী মঙ্গলবার দুপুরে জানান, ওই রাতে লোডশেডিং চলাকালে প্রায় ৪০ থেকে ৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে উপকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তারা সেখানে কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে (৪০) মারধর করেন।

তিনি আরও জানান, হামলাকারীরা রবিউলের ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু সকালে চেঙ্গুটিয়া বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং নিয়ে গ্রাহকদের ক্ষোভ থাকলেও বিদ্যুৎ স্থাপনায় হামলা ও কর্মরত কর্মকর্তাদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)